
ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
‘ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়’ শরীয়তপুর জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৮৮৩ সালে গোসাইরহাট উপজেলার মূলগাঁও গ্রামে প্রতিষ্ঠিত হয়। জয়ন্তী নদীর করাল গ্রাসে বিদ্যালয়টি বিলীন হলে ১৮৯৪ সালে মূলগাঁও থেকে গোসাইরহাট উপজেলা সদরে স্থানান্তরিত করা হয়। ১৮৯৪ সাল হতে বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটি একটি বেসরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে শিক্ষাদান করে আসছিল। ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। বিদ্যালয়টির নামাকরণে রয়েছে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। এটি তৎকালীন সময়ে ‘ইদিলপুর’ পরগণার নামে ইদিলপুর নাম ধারণ করে। প্রতিষ্ঠার শুরুতে বিদ্যালয়টির নাম ছিল ‘English Middle School’. এটি ছিল কলিকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৯৪ সালে বিদ্যালয়টি গোসাইরহাট উপজেলা সদরে ইদিলপুর ইউনিয়ন ধীপুর গ্রামে (অর্থাৎ তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের ফরিদপুর জেলা ব্রিটিশ ভারত বেঙ্গল প্রেসিডেন্সির মাদারীপুর মহকুমা) ইদিলপুর উচ্চ বিদ্যালয় (Idilpur High School) নামে পুনঃ স্থাপিত হয়। ইদিলপুর ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জনপদ। সম্রাট আকবরের সময় ইদিলপুর পরগণার নাম উল্লেখ আছে, যা বাকলার অংশ হিসেবে পরিগণিত ছিল। সরকার গ্রামীণ ও মফস্বল এলাকার কিছু বিদ্যালয়কে শিক্ষার মান ও অবকাঠামো বিবেচনায় ‘পাইলট’ প্রকল্প চালু করলে এটি ‘ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়’ (Idilpur Pilot High School) নাম ধারণ করে। ১৯৮০-৯০ দশকে উপজেলা পর্যায়ে মডেল উচ্চ বিদ্যালয় ও মডেল প্রাথমিক বিদ্যালয় চালু হলে এটি ‘ইদিলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’ (Idilpur Pilot Model High School) নামকরণ করা হয়। ২০১৬ সালে তৎকালীন সরকার উপজেলা সদরের মডেল বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত নেয়। ফলে ২০১৮ সালের ২৮ মে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বিদ্যালয়ের নামকরণ করা হয়-ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (Idilpur Pilot Govt. High School). বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত প্রতি দূ’টি শাখায় পাঠদান হচ্ছে। ১৯৮৪ সালে কারিগরি শিক্ষার গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ে কারিগরি ট্রেড খোলা হয়। নবম-দশম শ্রেণির তিনটি করে ট্রেড চালু রয়েছে। বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। প্রতি বছর জুনিয়র, এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) ফলাফলে এ+ এবং মেধা বৃত্তি উপজেলার শীর্ষ স্থান দখল করে থাকে। বিদ্যালয়টি এসএসসি (ভোকেশনাল) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ২০০৬ সালে ৬ষ্ঠ স্থান অধিকার করে। র্তমানে এটি গোসাইরহাট উপজেলা তথা শরীয়তপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত।